সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এআই ক্যামেরার ট্রাফিক জরিমানার নামে প্রতারণার ফাঁদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৪:৩৯ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাফিক জরিমানার নামে পাঠানো বিভিন্ন এসএমএসকে ‘সম্পূর্ণ বানোয়াট ও অসত্য’ বলে সতর্ক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নগরবাসীকে এ ধরনের বার্তায় বিভ্রান্ত বা প্রতারিত না হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২৫ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক ধার্যকৃত জরিমানা আদায়ের বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নগরবাসী এসএমএস পাচ্ছেন। তবে এসব বার্তার সঙ্গে ডিএমপির কোনো সম্পৃক্ততা নেই।

ডিএমপি জানায়, সড়ক পরিবহন আইন-২০১৮ অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক বিভাগ মামলা দিলে সংশ্লিষ্ট বিভাগের বা ট্রাফিক টেকনিক্যাল ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরযুক্ত একটি পত্র যানবাহনের মালিকের ঠিকানায় পাঠানো হয়।

এ ছাড়া কেবলমাত্র ০১৩২০-০৪২২০৭ এবং ০১৩২০-০৪২২২৭ নম্বর থেকে প্রয়োজনে এসএমএস পাঠানো হয়ে থাকে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ট্রাফিক বিভাগ কর্তৃক জরিমানাকৃত যানবাহনের জরিমানা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ‘উপায়’ ও সিবিবিএলের মাধ্যমে পরিশোধ করা যায়। তবে কোনো অবস্থাতেই ডিএমপি নাগরিকদের কাছে পিনকোড, পাসওয়ার্ড বা ওটিপি জানতে চায় না।

ট্রাফিক এআই বা ভিডিও মামলাসংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ডেল্টা-৩ শাখার ০১৩২০-০৪২২০৭ ও ০১৩২০-০৪২২২৭ নম্বরে অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন