

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্য নিয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘BD Intervention 2026’।
বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশনস (BSCI) আয়োজিত দু’দিনব্যাপী এ সম্মেলন শুক্রবার (১ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল-এ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, হৃদরোগ বাংলাদেশের অন্যতম প্রধান স্বাস্থ্য চ্যালেঞ্জ। বর্তমান সরকার চিকিৎসা খাতের উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
আধুনিক প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও বিশ্বমানের কার্ডিয়াক কেয়ার পৌঁছে দিতে চাই। আমাদের দেশে নারী ও শিশু যারা কার্ডিয়াকে আক্রান্ত তাদের স্বাস্থ্যসেবার উন্নয়নে আমি কার্ডিয়াক স্বাস্থ্য চিকিৎসকদের সহযোগিতা চাই।
তিনি আরো বলেন, BD Intervention 2026 এর মতো আন্তর্জাতিক সম্মেলন তরুণ চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি ও জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে বাংলাদেশকে হৃদরোগ চিকিৎসায় এগিয়ে নেবে। সরকার এ ধরনের উদ্যোগকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।
দেশের মানুষ যাতে উন্নত চিকিৎসা সেবা পায়, সেজন্য সরকার কাজ করে যাচ্ছে । মন্ত্রী হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যকর জীবনযাপন ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, এই সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক সর্বশেষ গবেষণা ও প্রযুক্তির সাথে আমাদের চিকিৎসকরা পরিচিত হচ্ছেন। এটি দেশের কার্ডিয়াক কেয়ারের মানকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, তরুণ চিকিৎসকদের জন্য ট্রেনিং ভিলেজ ও ফেলোস কোর্স অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে আগামী প্রজন্মের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টরা গড়ে উঠবে।
সম্মেলনে সভাপতির বক্তব্যে BSCI সভাপতি অধ্যাপক ডা. খালেকুজ্জামান বলেন, বৈশ্বিক প্রযুক্তির সাথে বাংলাদেশের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টদের পরিচয় করিয়ে দেওয়াই এ সম্মেলনের মূল লক্ষ্য।
আমরা একসাথে কাজ করে বাংলাদেশের রোগীদের জন্য বিশ্বমানের কার্ডিয়াক কেয়ার নিশ্চিত করতে চাই। সার্বিক তত্ত্বাবধানে থাকা ডাঃ আসাদুজ্জামান বলেন, লাইভ কেস ট্রান্সমিশন, স্ট্রাকচারাল হার্ট সেশন ও আন্তর্জাতিক ফ্যাকাল্টির লেকচার এবারের সম্মেলনকে অনন্য করে তুলেছে।
সম্মেলনের প্রধান আকর্ষণ ঢাকা ও চীন থেকে লাইভ কেস ট্রান্সমিশন। ৪টি মহাদেশ থেকে আগত বিশ্বখ্যাত কার্ডিওলজিস্টদের লেকচার।
তরুণ চিকিৎসকদের জন্য হ্যান্ডস-অন ট্রেনিং ভিলেজ।
স্ট্রাকচারাল হার্ট ডিজিজ, করোনারি ও পেরিফেরাল ইন্টারভেনশন নিয়ে আলোচনা।ফেলোস কোর্স ও কেস প্রতিযোগিতা। ১১০০ জনের বেশি দেশি-বিদেশি হৃদরোগ বিশেষজ্ঞ এই মেগা ইভেন্টে অংশ নিয়েছেন। আয়োজকরা জানিয়েছেন, এ সম্মেলন বাংলাদেশের হৃদরোগ চিকিৎসায় দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে। BD Intervention 2026 সম্মেলন চলবে ২ মে ২০২৬ পর্যন্ত।
মন্তব্য করুন
