

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় কিশোর গ্যাং, চাঁদাবাজি ও ছিনতাই দমনে ব্যাপক অভিযান চালিয়েছে পুলিশ। গভীর রাতে পরিচালিত এ সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত টানা চার ঘণ্টা দুই এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কিশোর গ্যাং সদস্য, মাদক সংশ্লিষ্ট ব্যক্তি, ছিনতাইকারী ও চাঁদাবাজ চক্রের সদস্যদের টার্গেট করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে যায়। বিশেষ করে রাতের দিকে চলাচলে ভীতি তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে।
এমন পরিস্থিতিতে পুলিশের ধারাবাহিক অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপ অব্যাহত থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, রাজধানীর মোহাম্মদপুর, আদাবর এলাকায় কিশোরগ্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দৌরাত্ব বন্ধে বিশেষ অভিযান চালানো হয়। রাত ১০টা থেকে মধ্যরাত ২টা পর্যন্ত দুই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। ডিসি আরও জানান, মোহাম্মদপুর আদাবর এলাকায় কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারী যাতে কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, এ জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাহে রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষে কোনো অপরাধী চক্র বা সঙ্গবদ্ধ চক্র কোনো ধরনের সুযোগ নিতে না পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা অভিযান অব্যাহত রাখব। এসময় তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা, সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন ও মোহাম্মদপুর থানার (ওসি) মেজবাহ উদ্দিনসহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

