রবিবার
২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রপ্তানি আয়ে উৎসে কর কমানোর দাবি বিটিএমএ’র

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রপ্তানি আয়ের ওপর ১ শতাংশের পরিবর্তে দশমিক ৫ শতাংশ উৎসে কর ধার্য ও রপ্তানি ভর্তুকির ওপর ১০ শতাংশ হারে অগ্রিম আয়কর বাতিল করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল বলেছেন, প্রণোদনার ওপর কর আরোপ হলে সেটা কেমন যেন লাগে। এটি প্রত্যাহার করা যেতে পারে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে এনবিআর ভবনে প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।

এনবিআরের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় শওকত আজিজ রাসেল বলেন, রপ্তানি আয়ের ওপর ১ শতাংশ নেওয়া হচ্ছে। সেখানেও ট্যাক্স আছে। আমদানির পর আমাদের বাড়তি ট্যাক্স যেটা দেওয়া হয়, সেটা কিন্তু পরের বছর ক্যারি ফরোয়ার্ড হচ্ছে না।

এর প্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান বলেন, আমরা এবার করপোরেট রিটার্নও অনলাইন করেছি। অনলাইনে এগুলো সব অ্যালাউড।

বিটিএমএ সভাপতি বলেন, কটি পণ্যের উৎপাদন প্রক্রিয়া তুলা থেকে শুরু হয়ে ধাপে ধাপে গ্রে ফেব্রিক, রঙিন কাপড় হয়ে তৈরি পোশাকে (আরএমজি) রূপ নেয়। প্রতিটি ধাপে কর আরোপের ফলে মোট করের বোঝা বেড়ে যায়, যা প্রতিযোগিতামূলক সক্ষমতা কমিয়ে দিচ্ছে।

তিনি আরও বলেন, বিশ্ববাজারে তৈরি পোশাক খাতে ম্যান-মেড ফাইবারের ব্যবহার প্রায় ৭০ শতাংশ হলেও বাংলাদেশে এর ব্যবহার খুবই সীমিত। এই খাতে এগিয়ে যেতে কর-সংক্রান্ত কিছু বাধা দূর করার জন্য তিনি সরকারের সহায়তা কামনা করেন।

তিনি আরও বলেন, সোলার এখন আমাদের দরকার। আমরা খরচ কমাতে চাই, কম্পিটিটিভনেস বাড়াতে চাই। তো একটা সোলার এস্টাবলিশ করতে গেলে বা প্যানেল বসাতে গেলে চারটি এইচএস কোড চাররকম জায়গায় বন্ধ। এটিকে যদি আপনারা একটি এইচএস কোডের আন্ডারে নিয়ে আসতে পারেন, আমাদের জন্য একটু সুবিধা হয় কাজ করতে। এনবিআর চেয়ারম্যান বলেন, সোলারে আমার যতটুকু মনে পড়ে গতবার আমরা সব সুবিধা দিয়ে দিয়েছি। একটা আইটেম শুধু থাকতে পারে।

বিটিএমএ সভাপতি বলেন, আমরা যে ফেব্রিক ইমপোর্ট করি সেখানে আপনার সুতার দামে কাপড় অ্যাসেসমেন্ট করা হয়। এটা তো যৌক্তিক হয় না। ৪ ডলারে অ্যাসেসমেন্ট করা হচ্ছে ১ কেজি কাপড়। কিন্তু আপনারই বন্ডের আন্ডারে যদি ৭ টাকা বা ৯ ডলারে আসে, তখন তো তার ট্যাক্স ইভেইড করার কিছু থাকে না, রিয়েল প্রাইসটা দিয়ে দিচ্ছে।

এছাড়া তিনি উল্লেখ করেন, আর যখন সে কমার্শিয়ালি ইমপোর্ট করছে, তখন সে ৪ ডলারে আনছে। তো আপনি আপনার বুকস থেকেই সংখ্যাটা নিয়ে নিয়েন। আপনি ওটা এডজাস্ট করে দিয়েন। আমি আর কোনো রেটের প্রস্তাব দিচ্ছি না। কারণ, ইউ হ্যাভ দ্য ইনফরমেশন। আপনারই যে বন্ধুরা যারা গার্মেন্টস ইমপোর্ট করে, ওনারা যে প্রাইসে ইমপোর্ট করে সেটাই আপনি অ্যাসেসমেন্টে দেন। এটা তো দুই রকম হতে পারে না।

বিটিএমএ’র অন্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- রপ্তানিশিল্পে সহায়তায় মূসক ও অগ্রিম কর মাসভিত্তিক ফেরত দেওয়া নিশ্চিত করা, রপ্তানিমুখী শিল্পের জন্য ব্যবহৃত এলপিজি ভ্যাট ও ট্যাক্স অব্যাহতি ইত্যাদি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন