

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) নিহত হওয়ার খবরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
পরিবারের সদস্যরা জানান, বর্তমানে লিমনের পরিবারের কেউ গ্রামের বাড়িতে স্থায়ীভাবে বসবাস করেন না। তবে তার চাচা-চাচীসহ নিকট আত্মীয়-স্বজনরা সেখানে রয়েছেন। লিমনের শৈশব কেটেছে গাজীপুরের মাওনা এলাকায়। সেখানেই তিনি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন।
স্বজনদের ভাষ্য, গত ১৬ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে নিখোঁজ ছিলেন লিমন ও তার বন্ধু নাহিদা সুলতানা বৃষ্টি। পরে শুক্রবার সকালে হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড ব্রিজের কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। রাতে পরিবারের সদস্যরা তার মৃত্যুর সংবাদ পান।
লিমনের চাচা জিয়াউল ইসলাম জানান, লিমনের বাবা জহুরুল হক ১৯৯৪ সালে পরিবার নিয়ে ঢাকায় চলে যান। এরপর থেকে তারা ঢাকায় বসবাস করছেন। মাঝেমধ্যে গ্রামের বাড়িতে আসতেন।
জানা গেছে, লিমন ২০১৪ সালে গাজীপুরের মাওনা মডেল হাইস্কুল থেকে এসএসসি এবং ২০১৬ সালে বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০২৪ সালের জুলাই মাসে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান এবং ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি প্রোগ্রামে ভর্তি হন।
তিনি বিশ্ববিদ্যালয়টির ভূগোল, পরিবেশ ও নীতি বিভাগে অধ্যয়নরত ছিলেন। একই সঙ্গে নাহিদা সুলতানা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন।
লিমনের ফুফু আকলিমা আক্তার বলেন, কয়েকদিন ধরে শুধু নিখোঁজের খবর পাচ্ছিলাম। হঠাৎ মৃত্যুর সংবাদ পেলাম। আমার ভাতিজার মরদেহ দ্রুত দেশে পাঠানো হোক। আর যারা তাকে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।
লিমনের মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসে এক মেধাবী শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে হতবাক সবাই।
মন্তব্য করুন