

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাতক্ষীরা জেলার জাতীয় পর্যায়ের সাবেক তারকা খেলোয়াড়দের সমন্বয়ে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল’-এর ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। এই কমিটিতে বিশেষভাবে গুরুত্ব পেয়েছেন দেশের হয়ে বিদেশের মাটিতে প্রথম সিরিজ সেরার গৌরব অর্জনকারী পেসার এস কে রবিউল ইসলাম শিবলু এবং জাতীয় ফুটবল দলের সাবেক তারকা মিডফিল্ডার আলমগীর কবির রানা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে পেসার এস কে রবিউল ইসলাম শিবলু তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে এই নতুন কমিটিতে যুক্ত হওয়ার তথ্যটি নিশ্চিত করেন। এর আগে বুধবার (৮ এপ্রিল) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নিয়াজ মোর্শেদ ও সদস্য সচিব মো. জাহেদ পারভেজ চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে জেলা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ফুটবলার গোলাম ফারুক বাবু এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন।
বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস গড়া পেসার এস কে রবিউল ইসলাম শিবলুকে এই কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। উল্লেখ্য, শিবলু বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম বোলার যিনি বিদেশের মাটিতে (জিম্বাবুয়ে সফরে) টেস্টে ‘ম্যান অব দ্য সিরিজ’ হওয়ার অনন্য কৃতিত্ব অর্জন করেছিলেন।
অন্যদিকে, জাতীয় ফুটবল দলের সাবেক ড্যাশিং মিডফিল্ডার আলমগীর কবির রানাকে কমিটির সদস্য করার পাশাপাশি গুরুত্বপূর্ণ দপ্তর সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়াও জাতীয় খো খো দলের সাবেক সফল অধিনায়ক শেখ আব্দুর রহমান রানাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
৭১ সদস্যের এই বিশালাকার কমিটিতে সাতক্ষীরা জেলার কৃতি সন্তানদের মূল্যায়ন করা হয়েছে। কমিটিতে স্থান পেয়েছেন জেলার সাবেক ক্রিকেটার, ফুটবলার, খো খো খেলোয়াড়, ব্যাডমিন্টন খেলোয়াড়, শ্যুটার এবং এ্যাথলেটরা।
ফেসবুক পোস্টে রবিউল ইসলাম শিবলু নবগঠিত কমিটির সবাইকে অভিনন্দন জানিয়ে লেখেন, আসুন আমরা সবাই এক হয়ে সাতক্ষীরা জেলার ক্রীড়াঙ্গনকে আলোকিত করি এবং মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক ভাইয়ার স্বপ্নকে সবাই মিলে বাস্তবায়ন করি।
তিনি আরও উল্লেখ করেন, “ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা”—এই স্লোগানকে সামনে রেখে প্রতিটি খেলাকে সমান গুরুত্ব দিয়ে পেশা হিসেবে গড়ে তুলতে হবে। শিবলু আশা প্রকাশ করেন যে, খেলোয়াড় হওয়া মানেই যেন অনিশ্চয়তা না হয়, বরং তা যেন গর্ব ও নিরাপত্তার প্রতীক হয়ে ওঠে। দেশের ক্রীড়াঙ্গনের স্থবিরতা নিরসনে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দেওয়ায় তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নতুন কমিটির প্রসঙ্গে সদস্য সচিব মীর তাজুল ইসলাম রিপন বলেন, সাতক্ষীরার ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করতে এবং সাবেক খেলোয়ারদের ঐক্যবদ্ধ করে দেশের ক্রীড়া উন্নয়নে ভূমিকা রাখতেই এই নতুন কমিটি কাজ করে যাবে। তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি এবং ক্রীড়া সংশ্লিষ্টদের অধিকার রক্ষায় এই কমিটি বিশেষ গুরুত্ব দেবে।
মন্তব্য করুন