

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এক মোবাইল ব্যাংকিং এজেন্টের ওপর সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন এবং তার কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।
রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার কৃষ্ণনগর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম মৌতলা গ্রামের মৃত মো. ওলি আহম্মেদের ছেলে মো. মোকলেছুর রহমান (৩৫) পেশায় একজন বিকাশ এজেন্ট।
রোববার দুপুর আনুমানিক ২টার দিকে তিনি মোটরসাইকেলযোগে কৃষ্ণনগর বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তার গতিরোধ করে।
এ সময় দুর্বৃত্তরা তাকে মারধর করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা নগদ টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। হামলার সময় মোকলেছুর রহমানের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার পর কৃষ্ণনগরসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কালিগঞ্জ থানার ওসি মো. জুয়েল হোসেন বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
মন্তব্য করুন