

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রায় তিন মাস ধরে অধ্যক্ষহীন অবস্থায় রয়েছে রাজশাহী নার্সিং কলেজ (আরএনসি)। এতে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে।
এ পরিস্থিতিতে অবিলম্বে অধ্যক্ষ নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি চলে। এতে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নিয়ে দাবি আদায়ে স্লোগান দেন।
কর্মসূচিতে স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি রাশিদুল ইসলাম বলেন, অধ্যক্ষ না থাকায় প্রতিষ্ঠানটিতে নানামুখী সংকট তৈরি হয়েছে। শিক্ষক-কর্মচারীরা নিয়মিত বেতন পাচ্ছেন না, শিক্ষার্থীরাও বঞ্চিত হচ্ছেন স্টাইপেন্ড থেকে। প্রশাসনিক কার্যক্রমও প্রায় বন্ধ হয়ে গেছে।
দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানে তিন দিনের আল্টিমেটাম দেন তিনি। নির্ধারিত ৭২ ঘণ্টার মধ্যে অধ্যক্ষ নিয়োগ না হলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারিও দেন।
শিক্ষার্থীদের এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান অধ্যক্ষবিহীন থাকা গ্রহণযোগ্য নয়। দ্রুত নিয়োগ দিয়ে স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, দাবি উপেক্ষা করে পরিস্থিতি দীর্ঘায়িত হলে তার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনিক শূন্যতার কারণে ক্লাস, পরীক্ষা ও অন্যান্য কার্যক্রমে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দ্রুত সমাধান না হলে শিক্ষা কার্যক্রম আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
মন্তব্য করুন