শুক্রবার
১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মোহনপুরে তুচ্ছ ঘটনায় ভ্যানচালককে হত্যা

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পিএম
নিহত ভ্যানচালকের মো. আলম (৪৪)
expand
নিহত ভ্যানচালকের মো. আলম (৪৪)

রাজশাহীর মোহনপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভ্যানচালককে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় উপজেলার বেলগাছি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালকের নাম মো. আলম (৪৪)। তিনি উপজেলার বেলগাছি গ্রামের বাসিন্দা ও মো. আশরাফের ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত মজিবর রহমান (৫৫)-কে আটক করেছে পুলিশ। তিনিও একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মজিবর রহমান চলন্ত একটি ভ্যান থামানোর জন্য সংকেত দেন। তবে ভ্যানচালক আলম কিছুটা দূরে গিয়ে ভ্যান থামালে ক্ষিপ্ত হয়ে ওঠেন মজিবর।

এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মজিবর ইট দিয়ে আলমের মাথার পেছনে কয়েকটি আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় আলম ভ্যান থেকে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত মজিবর রহমানকে একটি পাঠক ক্লাবে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতা তাকে মারধরের চেষ্টা করে।

এ সময় জনতার সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে দুই পুলিশ সদস্য সামান্য আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) মোদাস্বের হোসেন খাঁন জানান, আটক ব্যক্তি বর্তমানে থানায় রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন