

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজবাড়ীতে পুলিশের লাশবাহী সরকারি অ্যাম্বুলেন্সের চালক কনস্টেবল মো. বকুল চৌধুরীকে মারধরের অভিযোগে মো. রানা (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ মে) বিকেলে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দায়ের করা মামলার ভিত্তিতে এ ঘটনার মূল অভিযুক্ত রানাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বালিয়াকান্দী থানা থেকে একটি মরদেহ ময়নাতদন্তের জন্য সরকারি অ্যাম্বুলেন্সযোগে রাজবাড়ীর বিনোদপুর মর্গে নেওয়া হচ্ছিল। অ্যাম্বুলেন্সটিতে চালক কনস্টেবল মো. বকুল চৌধুরীর সঙ্গে পুলিশ সদস্য মো. শামীম মোল্লা ও শফিকুল ইসলাম ছিলেন।
দুপুর ১২টার দিকে জেলা শহরের বড় মসজিদ এলাকার সামনে অ্যাম্বুলেন্সটির সঙ্গে রানা নামের এক ব্যক্তির মোটরসাইকেলের লুকিং গ্লাসে সামান্য ঘষা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে রানা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ ওঠে।
পরে ১ নম্বর রেলগেট এলাকায় গিয়ে তিনি আবারও অ্যাম্বুলেন্সটির গতিরোধ করে গালিগালাজ করতে থাকেন। এ সময় চালক বকুল চৌধুরী তাকে গালিগালাজ না করতে অনুরোধ করেন এবং গাড়িতে মরদেহ থাকায় দ্রুত রাস্তা ছেড়ে দিতে বলেন। এতে রানা আরও ক্ষিপ্ত হয়ে অ্যাম্বুলেন্সের দরজা খুলে চালক বকুল চৌধুরীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন বলে অভিযোগ রয়েছে। চালকের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে রানা পালানোর চেষ্টা করেন। পরে গাড়িতে থাকা পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাকে আটক করেন। এ ঘটনায় আহত কনস্টেবল বকুল চৌধুরীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।