বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খাল খনন কর্মসূচি শুধু কর্মসূচি নয়, ছিল একটি আন্দোলন ও বিপ্লব: পানি সম্পদমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৭:২৮ পিএম
পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী
expand
পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী

পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় শুরু হওয়া খাল খনন কার্যক্রম শুধু একটি কর্মসূচি ছিল না, বরং এটি ছিল একটি আন্দোলন ও বিপ্লব। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নতুনভাবে সেই কার্যক্রম শুরু করা হয়েছে এবং তা ধারাবাহিকভাবে চলবে।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ৮টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী এলাকায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে খাল খনন কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি মন্ত্রী বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া এলাকার কাজলী নদী খননের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় স্থানীয় শিল্পকারখানার বর্জ্যে কাজলী নদী ভরাট হয়ে যাওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন পর খাল খনন কর্মসূচি পুনরায় চালু হওয়ায় সাধারণ মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে, কৃষিকাজে সহায়তা মিলছে এবং মৎস্য চাষের সুযোগ বাড়ছে। আগামী পাঁচ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন সম্পন্ন করা গেলে নতুন বাংলাদেশ গড়ে উঠবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। ইশতেহার অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে খাল খননসহ নানা উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই বিএনপি সরকার দেশের উন্নয়নে কাজ করছে।

বিশেষ অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে হোসেন্দী ইউনিয়নের কৃষি ও পানি নিষ্কাশন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। পর্যায়ক্রমে গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম প্রকল্পের কারিগরি দিক তুলে ধরে জানান, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ খালটি পুনঃখনন করা হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরের এ প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ৪৯ লাখ ৭৫ হাজার ৯৫৪ টাকা। খাল পুনঃখনন সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকায় জলাবদ্ধতা নিরসন হবে এবং সেচ সুবিধা বৃদ্ধির মাধ্যমে কৃষি ও মৎস্য উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব, জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মুস্তফা, গজারিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন