বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির এমপি সামনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান আওয়ামীপন্থী আইনজীবীর

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২ পিএম
‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান আওয়ামীপন্থী আইনজীবীর
expand
‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান আওয়ামীপন্থী আইনজীবীর

মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্য কামরুজ্জামান রতনের সামনে ‘জয় বাংলা’ স্লোগানসহ আইনজীবী ও সাবেক ছাত্রলীগ নেতার বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে কামরুজ্জামান রতনের মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে। সভায় কামরুজ্জামান রতন অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন।

পরে ওই বক্তব্য নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেন বক্তব্যদানকারী সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আমানউল্লাহ প্রধান শাহিন, যিনি আওয়ামীপন্থী আইনজীবী হিসেবে পরিচিত।

বিষয়টি নিয়ে জেলা জুড়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

৪ মিনিট ৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বক্তব্যের শুরুতেই অ্যাডভোকেট মোহাম্মদ আমানউল্লাহ নিজেকে মুজিব আদর্শের সৈনিক হিসেবে পরিচয় দেন। পরে তিনি কামরুজ্জামান রতনের বিভিন্ন বিষয় প্রশংসা করেন। এ সময় তিনি প্রতিহিংসার রাজনীতি পরিহার করে প্রতিদ্বন্দ্বিতায় ফিরে আসার কথা বলেন। অপরাধীদের বিচার হোক, তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন অন্যায়ভাবে জেল না খাটেন বা শো-অ্যারেস্ট না হন—সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানান। বক্তব্যের শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে বক্তব্য শেষ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট মোহাম্মদ আমানউল্লাহ প্রধান শাহিন বলেন, আইনজীবী সমিতির সাবেক নেতা হিসেবে সংসদ সদস্যের কাছে নিজের দাবির কথা তুলে ধরেছি। যেহেতু আমি মুজিব আদর্শ ধারণ করি, তাই ‘জয় বাংলা’ বলেছি। তবে এ ঘটনায় কোনো আইনজীবী প্রতিক্রিয়া দেখাননি। বাইরে থেকে এক যুবক ‘জয় বাংলা’ বলে স্লোগান দিলে এমপি কামরুজ্জামান রতন নিজেই তাকে নিবৃত্ত করেন।

মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. পারভেজ আলমের পরিচালনায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা। এছাড়াও সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X