বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জবি বাসে হামলার ঘটনায় থানায় উপাচার্য, আসামি ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৯:০৪ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

মানিকগঞ্জের সিংগাইরে সড়ক দুর্ঘটনার জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ পরিবহনকারী বাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ রইছ উদ্দীন।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় সিংগাইর থানায় এসে পুলিশ ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দাবি গুলো তুলে ধরেন তিনি।

এর আগে, বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ২২০ থেকে ২৫০জন শিক্ষার্থী ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকায় জড়ো হয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মিছিল ও মানববন্ধন করেন। পরে তারা সিংগাইর থানায় অবস্থান করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা জেলার হেমায়েতপুর এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ পরিবহনকারী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের আরোহী ছিলেন সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে কাউসার।

পরবর্তীতে, কাউসার বাসটিকে অনুসরণ করে সিংগাইর উপজেলার ভূমদক্ষিণ এলাকায় পৌঁছালে বাসের গতিরোধ করে তিনি সহ অজ্ঞাত ৩-৪ জন এসে বাসটির দুই পাশের সব কাচ ভাঙচুর করে। এতে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ভাঙা কাচের আঘাতে তিন শিক্ষার্থী, পূর্ণিমা (২১), আঁখি আক্তার (২১) ও রিনভি (১৯)আহত হন। এ ছাড়া হামলা ঠেকাতে গেলে বাসচালক মো. সাজ্জাদ হোসেনের ঘাড়ে আঘাত করা হয় এবং তাঁর ডান কনুইয়ের নিচে কামড় দেওয়ার অভিযোগ রয়েছে। ছাত্র উদয় চক্রবর্তী তার ডান হাতের কনুইয়ের ওপর আঘাত পেয়ে আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় বাসচালক বাদী হয়ে গতকাল মঙ্গলবার (১১ আগষ্ট) সিংগাইর থানায় মামলা করেন। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪ ও ৩২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার প্রধান অভিযুক্ত কাওছার বর্তমানে পলাতক রয়েছেন।

আজ বুধবার থানায় উপজেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে উপাচার্য ড. মোঃ রইছ উদ্দীন হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় তিনি ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাজহারুল ইসলাম "এনপিবি নিউজ" কে বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবেই মানববন্ধন করেছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানায় আজকের মধ্যে আসামিদের গ্রেফতার করতে পারলে ভালো হয়। আমরা তাদের আশ্বস্ত করেছি এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের দ্রুতই আইনের আওতায় নিয়ে আসা হবে।

এ সময় সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাসির উদ্দিন, ট্রেজারার ড. ছাবিনা শারমিন, প্রক্টর ড. আজম খান, সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম, ছাত্র সংসদের ভিপি রিয়াজুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্যসচিব ছামছুল আরিফসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন