

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু দক্ষিণ টোলপ্লাজা এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) ভোরে একটি যাত্রীবাহী ট্রাককে পেছন থেকে কাভার্ডভ্যান ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার ভোরে ঢাকার যাত্রাবাড়ী থেকে যাত্রী নিয়ে একটি ট্রাক বরিশালের দিকে যাচ্ছিল। ট্রাকটি এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু দক্ষিণ থানা সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে ক্ষতিগ্রস্ত হয় এবং উপরে থাকা যাত্রীরা মহাসড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার সংবাদ পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। উদ্ধারকৃতদের তাৎক্ষণিকভাবে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে আহতদের মধ্যে ২ জনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম জানান, দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নেয় এবং এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক করে। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
মন্তব্য করুন