বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়া সরকারি কলেজে আমির হামজাকে অবরুদ্ধ, হট্টগোল

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৫:২১ পিএম
কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা
expand
কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা

কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে তুমুল হট্টগোলের মুখে পড়েন কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

বৃহস্পতিবার (০৭ মে)সকাল সাড়ে দশটার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

পুলিশ ও কলেজ সূত্রে জানা গেছে, সকালে প্রধান অতিথি হিসেবে সরকারি কলেজ মাঠে আন্তঃ বিভাগ মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন মুফতি আমির হামজা। এ সময় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে একদল শিক্ষার্থী মঞ্চের সামনে জড়ো হয়ে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। পরে টুর্নামেন্টের উদ্বোধনের জন্য মাঠে প্রবেশ করলে ওই শিক্ষার্থীরা সেখানে গিয়েও আমির হামজাকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন এবং তারা মাঠের মধ্যে বসে পড়েন।

এই পরিস্থিতিতে কলেজের অধ্যক্ষ আমির হামজাকে নিয়ে তার কার্যালয়ে চলে যান। শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ে গিয়েও একইভাবে স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ অধ্যক্ষের কার্যালয়ে যান। এসময় এমপি আমির হামজা পুলিশের সঙ্গে বেরিয়ে কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।

এদিকে, এ ঘটনার পর আমির হামজার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে লেখা হয়,"কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালীন সময়ে মাননীয় সংসদ সদস্য মুফতি আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদলের নেতাকর্মীরা"। তবে ওই পোস্টের নিচে লেখা রয়েছে এডমিন।

এ ব্যাপারে আমির হামজা বলেন, এখানে কলেজের ছোট ছোট কিছু গাছ ছিল। রাতে আধারে কারা কেটে নিয়ে গেছে। এখানে অনুষ্ঠানে আমার থাকার কথা ছিল। আমি সেখানে প্রধান অতিথি ছিলাম। তবে অবরুদ্ধর ব্যাপারে তার বক্তব্য পাওয়া যায়নি।

কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রেফেসর মোল্লা মো. রুহুল আমিন বলেন,আমাদের দাওয়াতে মাননীয় এমপি আমির হামজা আন্ত: বিভাগ ফুটবল প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে আসেন। কয়েকজন ছাত্র আমাদের ও মাননীয় সংসদ সদস্যকে বিব্রত করার জন্য মুল ফটকের সামনে মানববন্ধনের নামে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে। মঞ্চের পাশে এসে যখন মাননীয় সংসদ সদস্য কথা বলছিলেন এসময় তারা ভুয়া ভুয়া শব্দ করেছে। এটা আমাদের ছোট করা হয়েছে। তাদের মধ্যে কিছু ছাত্র নামধারী, কিছু বহিরাগত। যারা এই কাজ করেছে কলেজ কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে যান। এসময় তিনি আমির হামজাকে অধ্যক্ষের সঙ্গে আলাপ করতে দেখেন। তবে আমির হামজা কে অবরুদ্ধ করে রাখার বিষয়টি অস্বীকার করেন ওসি। তিনি বলেন, আমির হামজা অধ্যক্ষের কার্যালয় থেকে তার সঙ্গেই বেরিয়ে আসেন এবং কলেজ ক্যাম্পাস ত্যাগ করে চলে যান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন