

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


খুলনার দাকোপ উপজেলায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে চলমান বিরোধের জেরে র্যাবের গাড়িতে হামলা ও ভাঙচুর করে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার চালনা আছাবুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পানখালী ইউনিয়নের খোণা এলাকায় প্রায় ৪০ বিঘা জমির একটি মাছের ঘের নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
শুক্রবার রাতে মাছ ধরাকে কেন্দ্র করে আব্দুল্লাহ ফকির ও বাচ্চু ফকির গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ রয়েছে, বাচ্চু ফকিরের নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়।
সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন। আহতদের দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে আকরাম আলী ফকির বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার পর শনিবার সকালে র্যাব-৬ দুই আসামি— মুকুন্দ মন্ডল ও রসুল গাজীকে আটক করে। তবে তাদের নিয়ে যাওয়ার সময় চালনা এলাকায় বিক্ষুব্ধ জনতা র্যাবের গাড়ি ঘেরাও করে হামলা চালায়। একপর্যায়ে গাড়ি ভাঙচুর করে আটক দুই আসামিকে ছিনিয়ে নেয় তারা।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
দাকোপ থানার ওসি খায়রুল বাশার বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ছিনিয়ে নেওয়া আসামিদের পুনরায় গ্রেপ্তারে অভিযান চলছে।”