মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৬, ১১:৩৫ এএম
প্রতীকি ছবি
expand
প্রতীকি ছবি

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) ভোররাতে উপজেলার নোয়াপাড়া সাহেবনগর গেট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আশিক আহমেদ (২৫) ও আবুল বাশার (৩৫)। আশিক আহমেদ ঢাকার খিলক্ষেত এলাকার মো. সেলিম মিয়া ও হাফেজা আক্তার দম্পতির ছেলে।

অপরদিকে আবুল বাশার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাগবের এলাকার মো. আব্দুল বাতেন ও আনোয়ারা বেগম দম্পতির সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে মোটরসাইকেলে করে আশিক ও আবুল বাশার সিলেটের উদ্দেশে রওনা দেন।

পথে মাধবপুর উপজেলার নোয়াপাড়া সাহেবনগর গেট এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিক আহমেদকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর আনুমানিক ৫টার দিকে আবুল বাশার মারা যান।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি)শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন