মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে হত্যা করে লাশ গুম করার ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

সোমবার (১৩ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টার দিকে মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মামুন মিয়া (২৪), উপজেলার উত্তর আফজালপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, নিহত ফারুক মিয়া (৫৩) মাধবপুর উপজেলার আফজলপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। অভিযোগ রয়েছে, মোহাম্মদ আলী ওরফে রুবেল নামের এক ব্যক্তি চাকরি দেওয়ার কথা বলে ওয়াসিম মিয়ার কাছ থেকে ২ লাখ ৪০ হাজার টাকা গ্রহণ করেন। পরবর্তীতে চাকরি দিতে ব্যর্থ হলে টাকা ফেরত চাওয়া নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ বিষয়ে ফারুক মিয়া টাকা ফেরতের জন্য চাপ প্রয়োগ করলে তাকে বিভিন্ন সময় হত্যার হুমকি দেওয়া হয়।

গত বছরের ১৩ মে ফারুক মিয়া মনতলা বাজারে যাওয়ার পর বাড়িতে আর ফেরেননি। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন এবং মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ২৩ মে সকালে মাধবপুরের একটি বাঁশঝাড় থেকে পচা-গলিত একটি মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের স্বজনরা পরনের কাপড় দেখে মরদেহটি ফারুক মিয়ার বলে শনাক্ত করেন।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার পলাতক আসামি মামুন মিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন