

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সীমান্ত নিরাপত্তা জোরদার ও মাদক-চোরাচালান প্রতিরোধে পরিচালিত পৃথক অভিযানে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) প্রায় ৩৬ বোতল ভারতীয় মদ, ১৯ লিটার বাংলা মদ তৈরির কেমিক্যাল এবং ১৬২ প্যাকেট বাংলাদেশি মশার কয়েল জব্দ করেছে। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৮৩ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ মার্চ ) সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুরখান চা-বাগান এলাকায় অভিযান চালায়। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ১৯ লিটার বাংলা মদ তৈরির কেমিক্যাল ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।
এছাড়া চুনারুঘাট উপজেলার বাল্লা বিওপির টহল দল পৃথক অভিযানে পাকাবাড়ী এলাকায় ভারত থেকে পাচারের সময় মালিকবিহীন ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করে।
অন্যদিকে, একই উপজেলার দুধপাতিল বিওপির নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে ১৬২ প্যাকেট বাংলাদেশি মশার কয়েল জব্দ করে, যার আনুমানিক মূল্য ১৩ হাজার টাকা।
বিজিবি জানায়, চলতি মাসে ৫৫ বিজিবির অভিযানে মোট ১২৯ কেজি ভারতীয় গাঁজা ও ১৩৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি এ ধরনের অপরাধ রোধে সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন