

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নির্বাচনী ডিউটিতে অনিয়ম, ভাতা আত্মসাৎ ও পরিচয় জালিয়াতির অভিযোগে দুই কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে অভিযোগ তদন্তে জেলা পর্যায়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
গত ২৬ ফেব্রুয়ারি স্থানীয় পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে প্রাথমিক অনুসন্ধান শুরু হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী–এর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ডিউটি বরাদ্দ, সদস্য নিয়োগ ও ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ এনে পৃথক দুটি লিখিত আবেদন জমা পড়ে। এর পরিপ্রেক্ষিতে মাধবপুর উপজেলা আনসার ভিডিপি কমান্ডার ওয়াহাব মিয়া ও দলনেতা হাবিব মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার ৯৪টি কেন্দ্রে ১ হাজার ২২২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। সরকারিভাবে প্রত্যেক সদস্যের জন্য ৮ হাজার ২৬০ টাকা বরাদ্দ থাকলেও কয়েকজন প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যকে দায়িত্ব না দিয়ে অনভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
এছাড়া কিছু সদস্যের নামে বরাদ্দকৃত ভাতা অন্যদের মাধ্যমে উত্তোলন, প্রকৃত প্রাপকদের পূর্ণ অর্থ পরিশোধ না করা এবং ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং নম্বরে টাকা পাঠিয়ে তা ফেরত নেওয়ার অভিযোগও রয়েছে।
হবিগঞ্জ জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট মজিবুল হক বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং অভিযুক্তদের শোকজ করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এখন তদন্তের ফলাফলের অপেক্ষায় সংশ্লিষ্ট সদস্য ও এলাকাবাসী।
মন্তব্য করুন