বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

বাহুবলে রাতভর উপজেলা প্রশাসনের অভিযান

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৫ পিএম
অবৈধ বালু উত্তোলন ও মাটি কর্তনের বিরুদ্ধে মোবাইল কোর্ট
expand
অবৈধ বালু উত্তোলন ও মাটি কর্তনের বিরুদ্ধে মোবাইল কোর্ট

অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কর্তন প্রতিরোধে বাহুবল উপজেলা প্রশাসন রাতভর রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করেছে। গতকাল ২৩ ফেব্রুয়ারি রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত টানা অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা আদায় ও সরঞ্জাম ধ্বংসের ঘটনা ঘটেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে’র নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম এবং বাহুবল থানা পুলিশের একটি দল।

প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বড়ইউরি, মিরপুর, মহাশয় বাজার, সাটিয়াজুরি রোড, ভাদেশ্বর, পুটিজুরি, গুহারুয়া ও হরিতলা এলাকায় একযোগে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর টের পেয়ে অনেকেই দৌড়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

অভিযানের সময় দুইটি পৃথক মামলায় একজনকে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ৫ হাজার টাকা এবং অপর একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া অবৈধভাবে বালু বহনকারী একটি ট্রাক্টর আটক করা হয় এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X