সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ যাত্রা: ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন

গাজীপুর সিটি প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০১:৪৮ এএম
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির
expand
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা–ময়মনসিংহ ও ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

শনিবার (১৪ মার্চ) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে রাজধানী ছেড়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে লাখো মানুষ রওনা হবেন। এ সময় যাত্রীদের দুর্ভোগ কমানো এবং যানজট নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি নজরদারি রাখা হবে।

আইজিপি জানান, দেশের অন্যতম ব্যস্ত এই দুই মহাসড়কে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন এবং নিয়মিত টহল জোরদার করা হবে। এছাড়া মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল ও সড়কের পাশে অবৈধ পার্কিং বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক সুধী সমাবেশে আইজিপি বলেন, “দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের নিরাপত্তায় পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে”।

তিনি আরও বলেন, ঈদযাত্রায় মানুষের স্বস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন