মঙ্গলবার
০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নগরকান্দায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৯:১১ এএম
আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়
expand
আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের গহেরপুর গ্রামে খড়ের পালায় আগুন দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা যুবদল নেতা জাহিদুল ইসলাম জাহিদের সমর্থক এনায়েত মাতুব্বর এবং উপজেলা বিএনপি নেতা খায়রুজ্জামানের সমর্থক লুকমান শিকদারের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি অন্যের জমিতে খড়ের পালা নির্মাণ এবং সেই খড়ের পালায় আগুন দেওয়াকে কেন্দ্র করে বিরোধ নতুন করে তীব্র আকার ধারণ করে।

সোমবার সকালে এ বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। স্থানীয়দের দাবি, সংঘর্ষে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে।

সংঘর্ষে এনায়েত মাতুব্বর পক্ষের মিজানুর মাতুব্বর (৪১), দাউদ মাতুব্বর (৩০) ও রিলি বেগম (৪৯) আহত হন। তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে লুকমান শিকদার পক্ষের দেলোয়ার শিকদার (৬০), হাবিবুর শিকদার (৩৫), রিপন শিকদার (৩৬), জরিপ শিকদার (৩২), শাকিব শিকদার (১৭) ও নাসির শিকদার (১৮) আহত হন। তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মুজাহিদুল ইসলাম বলেন, ঘটনাটি নিয়ে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন