

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ১ হাজার ৯৪৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০৭ জন। আর ফেল থেকে পাস করেছেন ৩৩৬ শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোসা. পাপিয়া আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পুনঃনিরীক্ষণের সংশোধিত ফল প্রকাশ করা হয়।
বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বিভিন্ন বিষয়ে ৩৫ হাজার ৯২৯ শিক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন। এসব শিক্ষার্থী মোট ৯১ হাজার ৪৯৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন।
পুনঃনিরীক্ষণ শেষে দেখা যায়, ১ হাজার ৯৪৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। তাঁদের মধ্যে ১ হাজার ৬০৮ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। নতুন করে ২০৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। আর আগে অকৃতকার্য হওয়া ৩৩৬ জন শিক্ষার্থী পাস করেছেন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ বলেন, পুনঃনিরীক্ষণের নীতিমালা অনুযায়ী আবেদন করা উত্তরপত্রগুলো যথাযথভাবে যাচাই-বাছাই করা হয়েছে। এরপর সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনলাইনে আবেদন করার সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি।
গত ১০ আগস্ট ২০২৬ সালের এসএসসি পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়। এতে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৬৫ দশমিক ৪২ শতাংশ। ফল প্রকাশের পর অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হয়।

