

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেড় ঘণ্টার স্বল্পস্থায়ী বৃষ্টিতেই জলাবদ্ধতায় তলিয়ে গেছে কুমিল্লা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রতিষ্ঠান।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১২টা থেকে শুরু হওয়া বৃষ্টিতে শিক্ষা বোর্ড, মেডিক্যাল কলেজসহ নগরের বিস্তীর্ণ এলাকায় পানি জমে ভোগান্তিতে পড়েন কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
সালাউদ্দিন মোড়, জেলা স্কুল সড়ক, আদালত চত্বরসহ নগরের অধিকাংশ সড়কই পানির নিচে চলে যায়। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা পড়েন চরম দুর্ভোগে। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে থাকায় চলাচল প্রায় অচল হয়ে পড়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই ড্রেন উপচে পড়ে। বিশেষ করে শিক্ষা বোর্ড এলাকায় নোংরা ও আবর্জনাযুক্ত পানি জমে পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠে। ফলে সেবা নিতে আসা মানুষদের চরম ভোগান্তি পোহাতে হয়।
শিক্ষা বোর্ড এলাকায় আসা দেলোয়ার হোসেন বলেন, বোর্ডের সামনের পুরো অংশ পানিতে ডুবে গেছে। অনেকেই হাঁটুসমান পানি মাড়িয়ে ভেতরে ঢুকছেন। প্রতি বছরই এমন হয়, কিন্তু স্থায়ী কোনো সমাধান নেই।
নগরের ঠাকুরপাড়া, রেইসকোর্স, মুরাদপুর, মনোহরপুর, বিসিক এলাকা, রানীরবাজার, আদালতপাড়া, হাউজিং এস্টেট ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকাসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। নিচু এলাকার অনেক বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ে।
বারোপাড়া এলাকার বাসিন্দা মনোয়ার হোসেন বলেন, মেয়ের স্কুল ছুটির পর তাকে আনতে গিয়ে দুর্ভোগে পড়তে হয়েছে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না হলে এ সমস্যা থেকে মুক্তি নেই।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, অতিবৃষ্টির কারণে ড্রেন ও খালের পানি প্রবাহ ধীর হয়ে পড়ায় সড়কে পানি জমেছে। ইতিমধ্যে পানি অপসারণে কাজ করছে সিটি করপোরেশনের কর্মীরা। যেসব স্থানে ময়লা-আবর্জনায় পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, সেগুলো দ্রুত পরিষ্কার করা হচ্ছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামসুল ইসলাম বলেন, বাইরের ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হওয়ায় পানি বোর্ড চত্বরে ঢুকে পড়ছে। শিগগিরই ড্রেন সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন