রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা তিন বাসে আগুন

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৪:২১ পিএম
বাসস্ট্যান্ডে ৩টি পরিত্যক্ত বাসে আগুন লেগে পুড়ে ছাই।
expand
বাসস্ট্যান্ডে ৩টি পরিত্যক্ত বাসে আগুন লেগে পুড়ে ছাই।

কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রয়েল পরিবহনের তিনটি বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অল্প সময়ের ব্যবধানে আগুন ছড়িয়ে পড়ে, আর তাতেই বাস তিনটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, এর মধ্যে দুটি বাস দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাসগুলোর ভেতরের অংশ সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস জানান, দুপুর ১টা ২৫ মিনিটে তারা আগুন লাগার খবর পান। সঙ্গে সঙ্গে পাশের ইপিজেড ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়। পরে বাগিচাগাঁও স্টেশন থেকেও আরও একটি ইউনিট যোগ দেয়। স্থানীয়দের সহায়তায় সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আগুনের উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কিছু জানাতে পারেননি এই কর্মকর্তা। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণেও সময় লাগবে বলে জানান তিনি।

এদিকে স্থানীয়দের অভিযোগ, বাসস্ট্যান্ডটি দীর্ঘদিন ধরে মাদকসেবীদের আড্ডাস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তাদের ধারণা, এমন কোনো আসর থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। পরিত্যক্ত বাসে হঠাৎ আগুন লাগার ঘটনায় তারা সন্দেহ প্রকাশ করেছেন।

ঘটনাটির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে মাদকসেবীদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন