রবিবার
১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৮ পিএম
ইউসুফ মোল্লা টিপু
expand
ইউসুফ মোল্লা টিপু

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মোল্লা টিপু।

শনিবার (১৪ মার্চ) দুপুরে স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব পালনের জন্য তারা বিধি অনুযায়ী ভাতা পাবেন। ইউসুফ মোল্লা টিপু দীর্ঘদিন ধরে কুমিল্লার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয়।

তিনি বর্তমানে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। পাশাপাশি ‘বিবেক’ নামে একটি মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবেও পরিচিত। সংগঠনটির মাধ্যমে তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা, শিক্ষা সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিগত সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে ইউসুফ মোল্লা টিপুকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। তিনি বিভিন্ন সময় হয়রানি ও নির্যাতনের শিকার হন এবং জেলও খাটতে হয়।

তার প্রশাসক হিসেবে নিয়োগের খবরে কুমিল্লার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ আশা প্রকাশ করেছেন, তার অভিজ্ঞতা ও সামাজিক সম্পৃক্ততা কুমিল্লা সিটি করপোরেশনের নাগরিক সেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

এ বিষয়ে ইউসুফ মোল্লা টিপু বলেন, সরকারের দেওয়া দায়িত্ব তিনি সততার সঙ্গে পালনের চেষ্টা করবেন। সবার দোয়া কামনা করে তিনি বলেন, আমি যেন সঠিকভাবে আমার দায়িত্ব পালন করতে পারি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন