বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ভোরের নীরবতা ভেঙে হঠাৎ বিকট শব্দ। মুহূর্তেই আগুন আর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে কুমিল্লার দাউদকান্দির একটি আবাসিক ভবনের নিচতলা। গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে বলদাখাল এলাকার তিনতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে লোহার জানালা উড়ে যায়, দেয়ালের অংশবিশেষ ভেঙে পড়ে। নিচতলা ধ্বংসস্তূপে পরিণত হয়।

দগ্ধরা হলেন—মনোয়ারা বেগম (৬০), জিয়াউল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও দুই বছর বয়সী হুররাম। সকাল ছয়টার দিকে তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট–এর জরুরি বিভাগে ভর্তি করা হয়।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, জিয়াউল হকের শরীরের ৫৪ শতাংশ ও উম্মে হুমায়রার ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। মনোয়ারা বেগমের ২ শতাংশ এবং শিশু হুররামের ৬ শতাংশ দগ্ধ হয়েছে।

দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক এরশাদ হোসাইন বলেন, গ্যাস লাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভবনের অন্য বাসিন্দারা নিরাপদে রয়েছেন। ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X