

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লাভজনক হওয়ায় গত কয়েক বছরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা জুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে ভুট্টা চাষ। একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের বিস্তীর্ণ মাঠজুড়ে এবারও হয়েছে ভুট্টার আবাদ। উৎপাদন ভালো হলেও বাজারে দাম কম থাকায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২ হাজার ৪৪০ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। প্রতি হেক্টরে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ দশমিক ৫ মেট্রিক টন। সে হিসাবে এ বছর প্রায় ২৫ হাজার ২০০ মেট্রিক টন ভুট্টা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবে গত বছরের তুলনায় এবার ৩০ হেক্টর কম জমিতে ভুট্টার আবাদ হয়েছে।
এ মৌসুমে হাইব্রিড আলাক্সা, সিনজেনটা-৭৭২০, এমকে-৪০, পাইওনিয়ার-৩৩৫৫, পালোয়ান ও সুপার শাইন কাবেরী-৪৪সহ বিভিন্ন জাতের ভুট্টা চাষ করেছেন কৃষকরা। উপজেলার যেসব জমিতে ধান চাষ সম্ভব হয় না, সেসব জমিতে আগাম জাতের ভুট্টার আবাদ করা হয়েছে। পাশাপাশি বোরো ধানের জমিতেও অধিক লাভের আশায় অনেক কৃষক ভুট্টা চাষে ঝুঁকেছেন।
উপজেলার ছেংগারচর পৌরসভার দেওয়ানজীকান্দি গ্রামের কৃষক ইমরান হোসেন জানান, গত বছর ভুট্টার ভালো দাম পাওয়ায় এবার তিনি ৫ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন। কালবৈশাখী ঝড়ে আমার জমিনের অনেকগুলো ভুট্টার ক্ষতি হয়েছে। তারপরে এ বছর ভুট্টার দাম অনেক কমে গিয়েছে। এবার বেশি লাভবান হবো না।
কৃষক হাবিব শিকদার ও খলিলুর রহমান বলেন, কৃষি অফিসের পরামর্শে তারা আগাম হাইব্রিড ভুট্টার আবাদ করেছেন। ফলনও হয়েছে আশানুরূপ। তবে বাজারে কম দামের খবরে তারা হতাশ। তাদের ভাষ্য, গত বছরের তুলনায় এবার প্রতি মণে ভুট্টার দাম দুই থেকে তিনশ টাকা কম শোনা যাচ্ছে। এতে লাভ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
রাঢ়ীকান্দি গ্রামের কৃষক সৈয়দ খান বলেন, ধানসহ অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষে উৎপাদন খরচ ও শ্রম কম লাগে। আবার ফলন ভালো হলে লাভও বেশি হয়। এজন্য দিন দিন কৃষকদের আগ্রহ বাড়ছে।
ভুট্টা ব্যবসায়ী মনির হোসেন সজীব জানান, এখনো পুরোপুরি ভুট্টা বাজারে ওঠা শুরু হয়নি। তবে বর্তমানে প্রতি মণ ভুট্টা ১ হাজার ৫০ থেকে ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামীতে সরবরাহ বাড়লে দাম আরও কমে যেতে পারে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী বলেন, ভুট্টা থেকে গবাদিপশু, মাছ ও পোলট্রির খাদ্য উৎপাদন করা হয়। বর্তমানে বাজারে ভুট্টার দাম কিছুটা কম রয়েছে। তবে কৃষকরা যদি কয়েকদিন সংরক্ষণ করে রাখতে পারেন, তাহলে সামনে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, ভুট্টা একটি লাভজনক ফসল। পাশাপাশি তিল, পাট, গমসহ অন্যান্য অর্থকরী ফসলের প্রতিও কৃষকদের আগ্রহী হতে হবে। কৃষকদের যেকোনো সমস্যায় উপজেলা কৃষি বিভাগ মাঠপর্যায়ে গিয়ে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা প্রদান করছে।