শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মতলবে জ্বালানি মজুদ করে কৃত্রিম সংকট, ব্যবসায়ীকে জরিমানা

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১২:৩৪ এএম
মতলব উত্তর ব্রাহ্মণচক বাজারে অবৈধভাবে পেট্রোলিয়াম মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ
expand
মতলব উত্তর ব্রাহ্মণচক বাজারে অবৈধভাবে পেট্রোলিয়াম মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ

চাঁদপুরের মতলব উত্তরে অবৈধভাবে পেট্রোলিয়াম মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

অভিযানে অবৈধভাবে পেট্রোলিয়াম মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি এবং বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রহমত উল্ল্যাহ। এ সময় মতলব উত্তর থানার এসআই শাহাদাত হোসেন'সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ওই ব্যবসায়ীর কাছে মজুদ থাকা ২৩ ব্যারেল ডিজেল ও ৯ ব্যারেল পেট্রোল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে বিক্রির রশিদ জমা দিতে বলা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির চেষ্টা করছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অভিযানে অবৈধ মজুদের প্রমাণ পাওয়ায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে এবং মজুদকৃত জ্বালানি সরকারি মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। কেউ যদি আবার এমন অনিয়মে জড়িত থাকে, তার বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, দেশে জ্বালানি মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি ও নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি ঠেকাতে সরকার সারাদেশে মোবাইল কোর্ট জোরদার করার নির্দেশ দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন