

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভোলার লালমোহনে মো. নয়ন (১৯) নামের এক কলেজ ছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর দেড়টার দিকে লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর রোড এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নয়ন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ট্রান্সপোর্ট ব্যবসায়ী মো. সালাউদ্দিনের ছেলে। তিনি ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
এদিকে ঘটনার পরপরই অভিযান চালিয়ে জড়িত সন্দেহে আব্দুল্লাহ আল মানিক (১৮) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটক মানিক লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আলাউদ্দিন মিয়ার ছেলে এবং লাঙ্গলখালী আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে স্বনির্ভর রোড এলাকায় নয়নকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে।
হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া না গেলেও একটি প্রাথমিক সূত্রের দাবি, প্রেমঘটিত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে পুলিশ কিংবা দায়িত্বশীল কোনো পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
পুলিশ আরও জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
