

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আগৈলঝাড়া থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক সময়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা ও ইয়াবাসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খানের নির্দেশনায় পরিচালিত অভিযানের ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালানো হয়।
বুধবার দিনের প্রথম দিকের অভিযানে উপজেলার ১ নম্বর রাজিহার ইউনিয়নের বড় বাসাইল এলাকায় হেলাল মৃধার বাড়ির উত্তর পাশের সড়ক থেকে বিপ্লব মন্ডল (২৪)-কে গ্রেফতার করা হয়। তিনি কোটালীপাড়া থানার রামশীল গ্রামের বাসিন্দা।
এরপর বুধবার দিনের পরবর্তী সময়ে আগৈলঝাড়া থানাধীন পতিহার গ্রামের কানাই বালার বাড়ির সামনের তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে জাকির হোসেন (৩০) ও সজিব হোসেন (২৩)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
এছাড়া একই দিন পৃথক আরেক অভিযানে উপজেলার পশ্চিম মোল্লাপাড়া গ্রামের ত্রিমুখী মোড়ে নুরুল ইসলামের দোকানের সামনে অভিযান চালিয়ে হৃদয় বৈদ্য (২৬), নয়ন হালদার (২৫) ও তপু বালা (২০)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিনভর পরিচালিত পৃথক এসব অভিযানে মোট ছয়জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। উপজেলার কোথাও মাদক বিক্রি ও সেবনের সুযোগ দেওয়া হবে না। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের এমন ধারাবাহিক অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, মাদক সরবরাহের উৎস ও বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্ত করে অভিযান আরও জোরদার করা হবে।

