

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ডাকাতির লুণ্ঠিত অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে খুলনায় আন্তঃজেলা ডাকাত সর্দার রাজু ওরফে গালকাটা রাজুর ওপর একাধিক দফায় হামলার ঘটনা ঘটেছে।
প্রথমে প্রকাশ্যে গুলিবিদ্ধ হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথেও আবার হামলার শিকার হন তিনি। তবে হাইওয়ে পুলিশের তৎপরতায় প্রাণে রক্ষা পান রাজু। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজু ওরফে গালকাটা রাজু একজন আন্ত : জেলা ডাকাত সর্দার। খুলনার লবণচরা থানাধীন শিপইয়ার্ড এলাকার আজাদ মাষ্টারের গলি কিরণের বাড়ির ভাড়াটিয়া ইউনুস শেখ ওরফে ইউনুস হাওলাদারের ছেলে। সোমবার দুপুরে নগরের লবণচরা থানাধীন কুবা মসজিদ এলাকায় স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপ রাজুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে একটি গুলি তার পেটের বাম পাশ ভেদ করে পিঠ দিয়ে বেরিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তিনি প্রথমে পরিচিত এক নারীর বাসায় আশ্রয় নেন। পরে গোপনে কয়েকটি হাসপাতালে নেওয়া হলেও ‘পুলিশ কেস’ হওয়ায় তাকে ভর্তি নিতে অনীহা প্রকাশ করা হয়।
অবশেষে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত ১২টা ২২ মিনিটের দিকে পুলিশ পাহারায় ঢাকায় পাঠানো হয়। তবে পথিমধ্যে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে আবারও ৪-৫ রাউন্ড গুলি ছোড়ে হামলাকারীরা। এ সময় পুলিশ দ্রুত কাটাখালী হাইওয়ে থানাকে জানালে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়।
পুলিশের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নগরের লবণচরা এলাকার স্থানীয় ফয়সালের ভাই ফারদিন, হেলাল, ব্লাক নয়ন, পালসার সোহেল, সোগা সোহেল ও ধলুসহ একাধিক সন্ত্রাসীর সাথে লুন্ঠিত হওয়া অর্থের ভাগ নিয়ে মনমালিন্য হয়। লুণ্ঠিত অর্থের ভাগাভাগি নিয়ে তাদের সাথে রাজুর দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জের ধরেই পরিকল্পিতভাবে তাকে লক্ষ্য করে এই হামলাগুলো চালানো হয়। কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং অ্যাম্বুলেন্সটি নিরাপদে মোল্লাহাট ব্রিজ এলাকা পার করে দেওয়া হয়।
লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, রাজুর বিরুদ্ধে খুলনা, ঢাকা, বাগেরহাট ও যশোরসহ বিভিন্ন জেলায় ডাকাতি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তবে ঢাকায় নেওয়ার পথে দ্বিতীয় দফা হামলার বিষয়ে তিনি আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না বলে জানান। তবে রাজুর ঢাকায় অপারেশন সম্পন্ন হয়েছে বলে জানতে পেরেছি।