বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় পুলিশ সদস্যকে কুপিয়ে আহত, দুই নারী গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৫:৫১ পিএম
ছবি প্রতীকী
expand
ছবি প্রতীকী

কুমিল্লার বুড়িচং উপজেলায় দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান আজ বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে উপজেলার রামচন্দ্রপুর পূর্বপাড়া এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের অভিযোগ এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল পেয়ে ঘটনাস্থলে যায় দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল।

পুলিশের ভাষ্য, ঘটনাস্থলে পৌঁছানোর পর কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। একপর্যায়ে দেবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল মো. ফোরকানকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযান চালিয়ে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন রামচন্দ্রপুর গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী লিজা আক্তার এবং নেয়ামুল কবিরের স্ত্রী শেফালী বেগম।

ওসি লুৎফুর রহমান বলেন, পুলিশের কাজে বাধা প্রদান ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দুই নারীকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন