বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে নির্মাণকাজ চলার সময় পাহাড়ধস, দুই শ্রমিকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৫:২৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

কক্সবাজার সদরের দরিয়ানগর এলাকায় কালভার্টের নির্মাণকাজ করতে গিয়ে পাহাড় থেকে ধসে পড়া মাটিতে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন শ্রমিক।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে টেকনাফ-কক্সবাজার সড়কের মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- মোহাম্মদ রাকিব ও মোহাম্মদ ইলিয়াস। তাদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। একটি কালভার্টের নির্মাণকাজ চলার সময় তাদের ওপর মাটি ধসে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দরিয়ানগর থেকে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) কক্সবাজার ক্যাম্পাসে যাওয়ার সড়কে একটি কালভার্টের নির্মাণকাজ চলছিল। দুপুরে সেখানে নির্মাণকাজ করছিলেন কয়েকজন শ্রমিক। দুপুর সাড়ে ১২টার দিকে তাদের ওপর হঠাৎ পাশের পাহাড়ের মাটি ধসে পড়ে। তাতে কয়েকজন শ্রমিক চাপা পড়ে আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন। একজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালভার্টটির নির্মাণকাজের দায়িত্বে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান লাকি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির প্রতিনিধি আবদুর রহিম মজুমদার বলেন, শ্রমিকেরা নিরাপত্তাবিধি মেনেই কাজ করছিলেন। এ সময় হঠাৎ মাটিধসে দুজনের মৃত্যু হয়েছে। হতাহত ব্যক্তিরা সবাই প্রায় এক মাস ধরে এই প্রকল্পে কাজ করে আসছেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ( আরএমও) সুবক্তগীন মোহাম্মদ সোহেল বলেন, ‘গুরুতর অবস্থায় তিন শ্রমিককে সদর হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে দুজন হাসপাতালে আনার আগেই মারা গেছেন।’

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় বলেন, ‘নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন