মঙ্গলবার
০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, একই পরিবারের ৪ জন নিহত

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৭:৩৮ এএম
দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকার
expand
দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকার

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালীগ্রাম ফ্লাইওভার এলাকায় সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার এক্সপ্রেসওয়ের মালীগ্রাম এলাকায় পৌঁছালে একই লেনে দাঁড়িয়ে থাকা সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং আহত হন আরও তিনজন।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহতদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম বলেন, দুর্ঘটনায় প্রাইভেটকারের চালকসহ চারজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন