

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে এখনো বাকি আছে বেশ কয়েকদিন। কিন্তু টেকনাফে সেই অপেক্ষার কোনো ধৈর্য নেই। শত শত মোটরসাইকেলের বহর, সবুজ-হলুদ পতাকা আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মেরিন ড্রাইভের বাতাসে তখন ভেসে বেড়াচ্ছিল শুধু সেলেসাও সমর্থকদের উচ্ছ্বাস।
সোমবার (২৫ মে) দুপুর ৩টার দিকে মোটরসাইকেল শোভাযাত্রাটি উপজেলা গেইট থেকে টেকনাফ স্থলবন্দর, সেখান থেকে টেকনাফ মেরি ড্রাইভ জিরো পয়েন্ট এসে মিলিত হয়।
পরে এটি মেরিন ড্রাইভ সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে শেষ হয়। পুরো শোভাযাত্রাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, ব্রাজিলের পতাকা, জার্সি আর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে মেরিন ড্রাইভ।
রাস্তার দুই ধারে দাঁড়িয়ে স্থানীয়রা করতালি দিয়ে স্বাগত জানান সমর্থকদের। তরুণ-যুবকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও মিলেছেন এই উৎসবে।
এদিকে দীর্ঘ ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন নেইমার জুনিয়র। এই তারকাকে ঘিরে নতুন করে স্বপ্ন বুনছেন সমর্থকেরা। তাদের বিশ্বাস, এটাই হবে নেইমারের ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপ- আর সেই বিশ্বকাপেই ব্রাজিল পূর্ণ করবে তাদের কাঙ্ক্ষিত ‘হেক্সা মিশন’। সমর্থক রিয়াজের বলেন, নেইমার ব্রাজিলের মূল দলে ফেরায় বিশ্বকাপের উন্মাদনা আরও বেড়ে গেছে। আমরা আশাবাদী, সম্ভাব্য শেষ বিশ্বকাপে নেইমারের হাত ধরেই ব্রাজিল তাদের কাঙ্ক্ষিত ‘হেক্সা মিশন’ পূরণ করতে পারবে।
শুধু উৎসব নয়, এই শোভাযাত্রার পেছনে আছে একটি সচেতন উদ্যোগও। ব্রাজিল ফ্যান ক্লাবের আয়োজকেরা চান, এই আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মধ্যে ফুটবলের প্রতি ভালোবাসা আরও গভীর হোক।
আয়োজক শাহ আলম বলেন, ‘ব্রাজিল ফ্যান ক্লাবের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে, যাতে নতুন প্রজন্ম ও ছোট ভাইয়েরা ফুটবলের প্রতি আরও উৎসাহিত হয়। আমরা সমর্থকদের মধ্যে ঐক্য বজায় রাখারও চেষ্টা করছি। বিশ্বের ফুটবল ইতিহাসে ব্রাজিলই একমাত্র দল, যারা প্রতিটি বিশ্বকাপে অংশগ্রহণ করেছে।’
শোভাযাত্রার উন্মাদনা কেবল মেরিন ড্রাইভে সীমাবদ্ধ নয়। বাসাবাড়ির ছাদ, দোকানপাট আর সড়কের পাশে এখন শোভা পাচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানির পতাকা। প্রিয় দলের রঙে বাড়ি সাজানো আর বড় পতাকা টানানো নিয়ে চলছে সমর্থকদের মধ্যে অলিখিত প্রতিযোগিতা।
উল্লেখ্য, ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আগামী ১১ জুন মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ হিসেহিবে প্রথম দিন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে।
আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। ইতিহাসে প্রথমবারের মতো এবারের বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দেশ।