সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে ইউনুস আলী হত্যা মামলায় মূল আসামী গ্রেপ্তার

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৯:০৪ পিএম
বেনাপোলে ইউনুস আলী হত্যা মামলায় মূল আসামী সোহেল রানা গ্রেফতার
expand
বেনাপোলে ইউনুস আলী হত্যা মামলায় মূল আসামী সোহেল রানা গ্রেফতার

যশোরের বেনাপোল পোর্ট থানার বহুল আলোচিত ইউনুস আলী হত্যা মামলার অন্যতম প্রধান আসামী সোহেল রানাকে গ্রেফতার করেছে পিবিআই যশোর। গ্রেফতারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সে। একইসঙ্গে তার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত গামছাও উদ্ধার করেছে তদন্ত সংশ্লিষ্টরা।

পিবিআই সূত্র জানায়, নিহত ইউনুস আলী (৪৭) বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। গত ২২ এপ্রিল বিকেলে কাজের কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় গ্রেফতারকৃত আসামী তরিকুল ইসলাম। পরে রহমতপুর এলাকায় সোহেল রানার বাড়িতে নিয়ে গিয়ে মূল পরিকল্পনাকারী আনোয়ার হোসেনসহ অন্যরা তাকে মারধর ও নির্যাতনের পর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।

হত্যার পর মরদেহ গোপন করতে সবুজ হোসেনের মোটরসাইকেলে করে বেনাপোল-পুটখালী সড়কের চারা বটতলা এলাকায় ফেলে রাখা হয়। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের ভাই ইউসুফ আলী বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই যশোর। তদন্তে জড়িত থাকার অভিযোগে এর আগে তরিকুল ইসলাম ও সবুজ হোসেনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে তরিকুল ইসলামও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পিবিআইয়ের দাবি, তথ্য প্রযুক্তি ও গোপন অনুসন্ধানের মাধ্যমে সোহেল রানার অবস্থান নিশ্চিত হয়ে রবিবার রাত ১১টার দিকে শার্শার গোগা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পলাতক আসামী আনোয়ার হোসেনের বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত গামছা উদ্ধার করা হয়।

সোমবার তাকে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতে সোপর্দ করা হলে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।

মামলার তদন্ত তদারকি করছেন পিবিআই যশোরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান এবং তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন এসআই (নিঃ) রতন মিয়া।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন