রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা পরিচয়ে গ্রাম পুলিশকে মারধর

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৯:৪৩ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

যশোরে দায়িত্ব পালনরত এক গ্রাম পুলিশ সদস্যকে শারীরিক নির্যাতন, প্রাণনাশের হুমকি এবং মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে অভিযুক্তদের গ্রেফতার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন, যশোর জেলা শাখার পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে স্বাক্ষর করেন যশোর সদর উপজেলার ৫ নম্বর উপশহর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডে দায়িত্বরত গ্রাম পুলিশ সদস্য মোঃ নজরুল ইসলাম।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১৫ মে ২০২৬ রাত আনুমানিক ১টা ২০ মিনিটে দায়িত্ব পালনকালে পোশাক পরিহিত অবস্থায় উপশহর বি-ব্লক বাজারে চা পান করতে গেলে রনি চৌধুরী নামে এক ব্যক্তি তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। এ সময় রনির ভাই বুলবুল চৌধুরীর প্রভাব ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও আনা হয়।

অভিযোগে বলা হয়, স্থানীয়ভাবে প্রভাবশালী দুই ভাই নিজেদের বিএনপি নেতা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। যশোর হাউজিং কর্তৃপক্ষের জমি সংক্রান্ত বিরোধের প্রতিবাদ করায় নজরুল ইসলামকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও স্মারকলিপিতে দাবি করা হয়েছে।

এছাড়া গ্রাম পুলিশ সদস্যের স্ত্রীকে প্রলোভন দেখিয়ে মিথ্যা মামলা দেওয়ার অপচেষ্টার অভিযোগও তোলা হয়েছে। ঘটনায় দফাদার আব্দুল আলিমসহ স্থানীয় একাধিক ব্যক্তি প্রত্যক্ষদর্শী বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

এ ঘটনায় পেশাগত সম্মান ক্ষুণ্ন হয়েছে দাবি করে নজরুল ইসলাম অভিযুক্ত রনি চৌধুরী ও বুলবুল চৌধুরীর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, অভিযুক্ত বুলবুল চৌধুরী যশোর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

স্মারকলিপির অনুলিপি খুলনা রেঞ্জ ডিআইজি, এনএসআই যশোর, যশোর প্রেসক্লাব, দুদক যশোর কার্যালয় এবং যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন