

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরে অনুষ্ঠিত ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, “গত দুই দশকে দেশের ক্রীড়াঙ্গন রাজনীতির দখলে চলে গেছে। আগে ক্রীড়ামোদীরা খেলাধুলায় আসতেন কিছু দেওয়ার জন্য, এখন অনেকে আসেন নেওয়ার জন্য। এতে প্রকৃত ক্রীড়ামোদীদের সংখ্যা কমে যাচ্ছে। ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রেখে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ফুটবল দল আর্জেন্টিনা।”
শনিবার দুপুরে যশোর সদর উপজেলার হামিদপুরে শামস-উল-হুদা ফুটবল অ্যাকাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
স্পিকার আরও বলেন, “যশোর আমার সবচেয়ে প্রিয় শহর। যুদ্ধ করেছি এই মাটিতে, চাকরিও করেছি এখানে। শামসুল হুদার নামে স্টেডিয়াম ও অ্যাকাডেমি হওয়া বাংলাদেশের জন্য অনন্য দৃষ্টান্ত। নাসের জাহেদীর মতো আরও কয়েকজন ক্রীড়ামোদী থাকলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বমানের ফুটবলের কাছাকাছি পৌঁছে যেত।”
দিনব্যাপী আয়োজনে খুলনা ও রাজশাহী বিভাগের প্রায় ৮০০ ক্ষুদে ফুটবলারের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো অ্যাকাডেমি প্রাঙ্গণ। অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, তৃণমূল ফুটবল উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে এবং প্রতিভাবান খেলোয়াড়দের আর্জেন্টিনায় প্রশিক্ষণের সুযোগ তৈরির চিন্তাভাবনা চলছে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোস, বাফুফের সহ-সভাপতি ও অ্যাকাডেমির পরিচালক নাসের শাহরিয়ার জাহেদীসহ ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।