

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লালমনিরহাটে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ মো. লিখন মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৪ মে) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার লিখন কুড়িগ্রামের খোচাবাড়ী এলাকার মো. নুরনবী সরকারের ছেলে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সোহাব উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল তিস্তা টোল প্লাজার দক্ষিণ পাশে অবস্থান নেয়। এসময় একটি সন্দেহভাজন অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে লিখনের শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা অবস্থায় ১ লাখ ৫৯ হাজার ৩০০ ইউএস ডলার উদ্ধার করা হয়। এর মধ্যে ১০০ ডলারের ১৫৮১টি এবং ৫০ ডলারের ২৪টি নোট রয়েছে।
পুলিশ জানায়, জব্দ করা এসব বৈদেশিক মুদ্রার বিষয়ে যথাযথ কোনো নথি দেখাতে পারেননি ওই যুবক। জনসমক্ষে ও সাক্ষীদের উপস্থিতিতে এই বিপুল পরিমাণ মুদ্রা জব্দ করা হয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ‘ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭’ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।