বৃহস্পতিবার
১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে অশ্লীল ছবি ছড়িয়ে চাঁদাবাজি, প্রধান আসামি আটক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০২:৩৪ পিএম
অভিযুক্ত মো. মাহমুদ হাসান।
expand
অভিযুক্ত মো. মাহমুদ হাসান।

বরিশালের বানারীপাড়ায় এক নারীর সম্মানহানির উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশ্লীল ছবি পোস্ট এবং ৫ লাখ টাকা চাঁদা দাবির মামলার প্রধান আসামিকে হবিগঞ্জের মাধবপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ও র‍্যাব-৮-এর যৌথ আভিযানিক দল।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর পৌনে ২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯।

র‍্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর সঙ্গে ফেসবুকে পরিচয়ের পর অভিযুক্ত মো. মাহমুদ হাসান (৩৩) তাকে বিয়ের প্রস্তাব দেন। পরে বিয়েতে সম্মতি না পেয়ে তিনি ও তার সহযোগীরা ভুক্তভোগীর ছবি বিকৃত করে বিভিন্ন ফেসবুক আইডি থেকে অশ্লীল ছবি ও মিথ্যা তথ্য ছড়িয়ে দেন। পাশাপাশি আরও অশ্লীল ছবি প্রকাশের ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী বরিশালের বানারীপাড়া থানায় একটি মামলা দায়ের করলে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গত বুধবার বিকেলে র‍্যাব-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং র‍্যাব-৮, বরিশালের যৌথ অভিযানে মাধবপুর উপজেলার জগদীপুর এলাকা থেকে প্রধান আসামি মাহমুদ হাসানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাহমুদ হাসান পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার মৃত ইউসুফ আলী হাওলাদারের ছেলে।

র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন