

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জ সদর উপজেলার বাগুনীপাড়া গ্রামে টিউবওয়েল বসানোর সময় মাটির নিচ থেকে গ্যাস জাতীয় পদার্থ নির্গমনের ঘটনা ঘটেছে। পরে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে পরীক্ষা করলে মুহূর্তেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে গ্যাসের উপস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
সদর উপজেলার বাগুনীপাড়া গ্রামের বাসিন্দা শাহ আরজু মিয়ার বাড়িতে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে টিউবওয়েল বসানোর কাজ চলছিল। প্রায় ৪০ ফুট গভীরতায় পাইপ প্রবেশ করানোর পর হঠাৎ পাইপের মুখ দিয়ে গ্যাস জাতীয় পদার্থ বের হতে শুরু করে। বিষয়টি নিশ্চিত হতে দিয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে পরীক্ষা করলে সঙ্গে সঙ্গে আগুন জ্বলে ওঠে। পরে খবর পেয়ে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।
ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আরিফুল ইসলাম বলেন, “টিউবওয়েল বসানোর সময় প্রায় ৪০ ফুট নিচ থেকে গ্যাস বের হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”
তিনি আরও জানান, বাড়ির মালিককে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে বিষয়টি জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও সতর্ক করেন তিনি।
এদিকে ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই ধারণা করছেন, ওই এলাকায় ভূগর্ভস্থ গ্যাসের উপস্থিতি থাকতে পারে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে।