বুধবার
১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর প্রেসক্লাবে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৬:৪০ পিএম
যশোর প্রেসক্লাবে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন
expand
যশোর প্রেসক্লাবে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন

যশোরে সাংবাদিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের ওপর সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও অপহরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ১১ দলীয় জোটের যশোর জেলা শাখা।

বুধবার (১৩ মে) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত যশোর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ঝিকরগাছা-চৌগাছা-২ আসনের সংসদ সদস্য ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ। এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবু গোলাম কুদ্দুস, দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন ইসলামসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত ১২ মে দুপুর সাড়ে ১২টার দিকে ঝিকরগাছা উপজেলা পরিষদ এলাকায় ব্যক্তিগত কাজ শেষে ফেরার পথে যুব জামায়াতের টিম সদস্য জহিরুল ইসলামের পথরোধ করে একদল ব্যক্তি। তারা মোটরসাইকেলের চাবি কেড়ে নিয়ে জোরপূর্বক তাকে একটি ভবনে তুলে নিয়ে যায় এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।

অভিযোগে বলা হয়, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জহিরুল ইসলামকে রড ও লাঠি দিয়ে মারধর করা হয়। এসময় তার কাছ থেকে নগদ ২ লাখ ২০ হাজার টাকা, ব্যাংক চেক, এটিএম কার্ড ও পিন নম্বর ছিনিয়ে নেওয়া হয়। পরে ব্যাংক চেক ও এটিএম ব্যবহার করে টাকা উত্তোলনেরও অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জহিরুল ইসলামের মোবাইল ফোন ব্যবহার করে যুব জামায়াত কর্মী আল আমিনকে ঘটনাস্থলে ডেকে এনে তাকেও মারধর করা হয়।

বক্তারা অভিযোগ করেন, আহত জহিরুল ইসলামকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে ঘটনাটি “দুর্ঘটনা” হিসেবে রেকর্ড করতে চাপ প্রয়োগ করা হয়। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়া থানায় অভিযোগ দিতে গেলে কিছু ব্যক্তি পুলিশকে অভিযোগ গ্রহণ না করার জন্য চাপ প্রয়োগ করেছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী ও অপহরণকারীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না।” তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন