

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার প্রধান সড়কের নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে সরেজমিন পরিদর্শনে গিয়ে অনিয়মের সত্যতা পান স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। পরে তিনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধের নির্দেশ দেন।
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সাইট সুপারভাইজার বশির আহমেদ বলেন, “আমি ভিডিওর মাধ্যমে অফিসকে জানিয়েছি যে এখানে ব্যাপক অনিয়ম হচ্ছে। এরপর অফিস থেকে আমাকে জানানো হয় কাজ বন্ধ করতে। কিন্তু ঠিকাদারের লোকজনকে বিষয়টি জানালেও তারা গুরুত্ব দিচ্ছে না।”
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়, “আমরা দিনের বেলা নিয়ম মেনে কাজ করছি। অভিযোগগুলো ভিত্তিহীন। এলাকার কিছু স্থানীয় মানুষ আমাদের কাজের মান নিয়ে ইতিবাচক মত দিয়েছেন।”
তবে স্থানীয়দের অভিযোগ ভিন্ন। তারা জানান, নিম্নমানের সামগ্রী ব্যবহার, নিয়মবহির্ভূত নির্মাণপ্রক্রিয়া এবং পর্যাপ্ত তদারকির অভাবে সড়কটি টেকসই হচ্ছে না। ইতোমধ্যে বিভিন্ন স্থানে ভাঙাচোরা, দেবে যাওয়া অংশ এবং পাশ্ববর্তী কাঠামোর দুর্বলতা প্রকাশ পেয়েছে।
প্রধান সড়কের এমন অবস্থা দেখে জনমনে প্রশ্ন উঠেছে— “এভাবে কাজ হলে রাস্তা কতদিন টিকবে?”
এলাকাবাসীরা দ্রুত তদন্ত, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং মানসম্মতভাবে পুনরায় কাজ শুরু করার দাবি জানিয়েছেন।