

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রতিবন্ধী শিশুদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কারিগরি ও জীবনমুখী প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. জিয়াউদ্দিন হায়দার।
তিনি বলেন, সঠিক প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হতে পারে।
মঙ্গলবার (১২ মে) সকালে সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুল মিলনায়তনে আয়োজিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, চিকিৎসা, ভাতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত সহযোগিতায় তাদের মেধা ও সক্ষমতা বিকাশ সম্ভব।
তিনি আরও বলেন, অনেক প্রতিবন্ধী শিশু সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করছে। তাই তাদের অবহেলা না করে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম বাড়ানোর প্রয়োজন রয়েছে।
জেলা প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মমিন উদ্দনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ শিশু হাসপাতাল-এর অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল, ঝালকাঠি প্রেসক্লাব-এর সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার, ম্যানেজিং কমিটির সদস্য অ্যাডভোকেট রেজাউল হক আজিম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. লুৎফুন্নেচ্ছা। সভায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, অধিকার, সামাজিক নিরাপত্তা ও উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে পরিবার ও সমাজের পাশাপাশি সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।