

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মৌলভীবাজার সরকারি কলেজের অভ্যন্তরীণ শিক্ষা সংকট নিরসন ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে ৮ দফা দাবিতে কলেজ অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
সোমবার (১১ মে) দুপুর সাড়ে ১২টায় ছাত্র ফ্রন্ট কলেজ শাখার পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়।
সংগঠনের কলেজ শাখার সংগঠক রাজিব সূত্রধর স্বাক্ষরিত এই স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দী। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ সংগঠক হিরণ আহমেদ, ইমতিয়াজ আহমেদ, সবুজ শর্মা, পূজা দেব, তৃষা দেবনাথ, অসীম দেব, রিমা সূত্রধর ও অর্পা দেবনাথসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপিটি গ্রহণ করেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনসুর আলমগীর। স্মারকলিপি গ্রহণের পর তিনি ছাত্র ফ্রন্ট নেতৃবৃন্দের সাথে কলেজের সার্বিক একাডেমিক ও প্রশাসনিক বিষয়ে আলোচনা করেন এবং তাদের মতামত গ্রহণ করেন। অধ্যক্ষ দ্রুত সময়ের মধ্যে কলেজের ক্যান্টিন নির্মাণ, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং মেডিকেল সার্ভিস চালু করার আশ্বাস প্রদান করেন। এছাড়া অন্যান্য যৌক্তিক দাবিগুলোও পর্যায়ক্রমে পূরণের সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানান তিনি।
ছাত্র ফ্রন্টের উত্থাপিত ৮ দফা দাবিগুলো হলো: ১. ক্লাসরুম ও শিক্ষক সংকট নিরসন করা। ২. কেন্দ্রীয় গ্রন্থাগার ও বিভাগীয় সেমিনারগুলোতে পর্যাপ্ত নতুন বই বরাদ্দ দিয়ে আধুনিকায়ন করা। ৩. কলেজ হলসমূহ সংস্কার, রিডিং রুম স্থাপন ও ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করা। ৪. স্বাস্থ্যসম্মত কলেজ ক্যান্টিন নির্মাণ করা। ৫. স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন ও পর্যাপ্ত পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া। ৬. এমবিবিএস ডাক্তার নিয়োগের মাধ্যমে কলেজে স্থায়ী মেডিকেল সেন্টার চালু করা। ৭. পর্যাপ্ত বাস চালুর মাধ্যমে শিক্ষার্থীদের যাতায়াত সংকট নিরসন করা। ৮. গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সরকারি কলেজ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করা।