বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তালতলীতে পায়রা নদীর বেড়িবাঁধে ফাটল, আতঙ্কে ১৫ গ্রামের মানুষ ​

তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৬:৩৩ পিএম
তালতলীতে পায়রা নদীর বেড়িবাঁধে ফাটল
expand
তালতলীতে পায়রা নদীর বেড়িবাঁধে ফাটল

বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া এলাকায় পায়রা নদীর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। গত কয়েক দিনের টানা বৃষ্টি ও জোয়ারের পানির প্রবল চাপে বাঁধটির প্রায় ১০০ মিটার অংশে এই ফাটল ধরেছে। ফলে ওই এলাকার অন্তত ১৫টি গ্রামের মানুষ এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

বৃহস্পতিবার (৭ মে) ​সরেজমিনে গিয়ে দেখা গেছে, পায়রা নদীর তেঁতুলবাড়িয়া সংলগ্ন বেড়িবাঁধের বড় একটি অংশে ফাটল সৃষ্টি হয়েছে এবং কিছু অংশ ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, দ্রুত সংস্কারের উদ্যোগ না নিলে যেকোনো মুহূর্তে বাঁধটি সম্পূর্ণ ভেঙে নদীর পানি লোকালয়ে ঢুকে পড়বে।

​বাঁধটি ভেঙে গেলে নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া, বড় অঙ্কুজান, নলবুনিয়া ও আগাপাড়াসহ প্রায় ১৫টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কয়েক হাজার মানুষের ঘরবাড়ি, ফসলি জমি এবং বিপুল সংখ্যক মাছের ঘের ব্যাপক ক্ষতির মুখে পড়বে।

​বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দা বাবুল হাওলাদার ও সেলিম মাতুব্বর আক্ষেপ করে বলেন, প্রতি বছরই বাঁধ মেরামত করা হয়, কিন্তু স্থায়ী কোনো সমাধান হয় না। এবার যেভাবে ফাটল ধরেছে, তাতে আমরা আতঙ্কে রাতে ঘুমাতে পারছি না।

স্থানীয় গৃহবধূ হাসিনা বেগম দ্রুত একটি টেকসই বাঁধ নির্মাণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

​এ বিষয়ে জানতে চাইলে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। লোকালয় রক্ষায় অতি দ্রুত রিং বাঁধ নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন