

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরগুনার তালতলীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ২ একর জমি অবৈধভাবে দখল করে মাছের ঘের নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, পাউবো কর্মকর্তাদের যোগসাজশেই চলছে সরকারি জমি দখলের এই মহোৎসব।
শনিবার (০২ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ছোট নিশানবাড়িয়া মৌজার নলবুনিয়া এলাকায় পাউবোর অধিগ্রহণকৃত জমিতে খননযন্ত্র (ভেকু) দিয়ে মাটি কেটে বিশাল মাছের ঘের তৈরি করা হচ্ছে। এই দখলদারিত্বের সাথে যুক্ত রয়েছেন স্থানীয় বাসিন্দা সোহরাফ হাওলাদার, সিদ্দিক হাওলাদার, মস্তফা বিশ্বাস, লাল মিয়া, আ. হক মিয়া ও লাল মিয়া হাওলাদার।
জানা যায়, অবৈধ এই খননকাজ বন্ধে গত ১ এপ্রিল দখলদারদের একটি নোটিশ প্রদান করেই নিজেদের দায় সেরেছে পানি উন্নয়ন বোর্ড। তবে সেই নোটিশের তোয়াক্কা না করেই দাপটের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে অভিযুক্তরা।
স্থানীয় বাসিন্দা বাবুল হাওলাদার, নজরুল হাওলাদার, সেলিম চৌকিদার ও শাহজাহান শেখ ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি জমিতে ভেকু দিয়ে প্রকাশ্যে মাছের ঘের বানানো হচ্ছে। আমরা পাউবো কর্মকর্তাদের একাধিকবার বিষয়টি জানিয়েছি। কিন্তু তারা শুধু একটি লোকদেখানো নোটিশ পাঠিয়েই চুপ হয়ে গেছেন। মূলত কর্মকর্তাদের ম্যানেজ করেই এই দখলের কাজ চলছে।
তবে নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন নোটিশপ্রাপ্ত সিদ্দিক হাওলাদার, সোহরাফ হাওলাদার ও মস্তফা বিশ্বাস। তারা বলেন, আমরা এখানে ৪২ বছর ধরে বসবাস করছি। সমুদ্র থেকে লোনা পানি ঢুকে আমাদের ক্ষতি হয়, তাই সামান্য মাটি কেটেছি। পাউবোর লোকজন এসে দেখে গেছেন, তারা বলেছেন এতে কোনো ক্ষতি নেই।
এ বিষয়ে পরিবেশবাদী সামাজিক সংগঠন ওয়াটারকিপার্স বাংলাদেশের তালতলী-আমতলী উপজেলা সমন্বয়ক আরিফ রহমান বলেন, উপকূলীয় এলাকায় পাউবোর জমি বা বাঁধ মূলত প্রাকৃতিক দুর্যোগ থেকে জনপদকে রক্ষার ঢাল হিসেবে কাজ করে। সেখানে ভেকু দিয়ে মাটি খনন করায় বাঁধের স্থায়িত্ব যেমন নষ্ট হচ্ছে, তেমনি লোনা পানি অনুপ্রবেশের ঝুঁকিও বাড়ছে। সরকারি জমি রক্ষায় সরকারের কঠোর নির্দেশনা থাকলেও প্রভাবশালীরা তা তোয়াক্কা করছেন না, যা জনস্বার্থের চরম পরিপন্থি।
সার্বিক বিষয়ে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রধান প্রকৌশলী মো. আব্দুল হান্নান বলেন, দখলদারদের কাজ বন্ধের জন্য ইতোমধ্যে নোটিশ প্রদান করা হয়েছে। এরপরও তারা আইন অমান্য করে কাজ অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন