শনিবার
০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশবাড়িয়া সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৬, ১০:২২ এএম
মৃত্য যুবক মো. মেহরাজ হোসেন।
expand
মৃত্য যুবক মো. মেহরাজ হোসেন।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে গোসলে নেমে মো. মেহরাজ হোসেন (২১) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মেহরাজ চট্টগ্রাম শহরের পূর্ব মাদারবাড়ী এলাকার গাজী ডিপো বাই-লেইনের বাসিন্দা মোহাম্মদ মোশারফ আলীর ছেলে।

ঘটনাটি ঘটে শুক্রবার (১ মে) বিকেল প্রায় ৫টার দিকে। জানা যায়, সেদিন বিকেলে বন্ধু সাব্বির আরমানসহ কয়েকজন মিলে ঘুরতে যান বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে। একপর্যায়ে তারা সৈকতের পাশের ফেরিঘাট এলাকায় সমুদ্রে গোসল করতে নামেন। গোসলের সময় হঠাৎ করে সমুদ্রের তীব্র স্রোত সৃষ্টি হলে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে যেতে থাকেন।

স্থানীয়দের ভাষ্যমতে, পরিস্থিতি দ্রুত ভয়াবহ আকার ধারণ করলে আশেপাশে থাকা লোকজন এগিয়ে এসে উদ্ধারকাজ শুরু করেন। অনেক চেষ্টা চালিয়ে সাব্বির আরমানকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও মেহরাজ হোসেন পানির স্রোতে তলিয়ে যান এবং নিখোঁজ হয়ে পড়েন।

এরপর স্থানীয়রা কয়েক ঘণ্টা ধরে তাকে খুঁজতে থাকেন। দীর্ঘ সময় অনুসন্ধানের পর অবশেষে মেহরাজকে উদ্ধার করা হয়। তবে তখন তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। দ্রুত স্থানীয়দের সহায়তায় তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. আলতাফ হোসেন জানান,শুক্রবার বিকালের দিকে সমুদ্রে ভেসে যাওয়া এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে প্রায়ই তীব্র স্রোতের কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকে। যথাযথ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে সমুদ্রে নামছেন দর্শনার্থীরা।

সচেতন মহল মনে করছেন, এ ধরনের দুর্ঘটনা এড়াতে সৈকতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, সতর্কীকরণ সাইনবোর্ড এবং লাইফগার্ড মোতায়েন করা অত্যন্ত জরুরি। পাশাপাশি দর্শনার্থীদেরও সমুদ্রের স্রোতের বিষয়ে সচেতন থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে গোসল করার আহ্বান জানিয়েছেন তারা।

এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের মাতম। একই সঙ্গে স্থানীয়দের মাঝেও সৃষ্টি হয়েছে উদ্বেগ ও আতঙ্ক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন